চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজান কলেজের কোয়ার্টার থেকে নির্মাণসামগ্রী চুরি, আটক ১

রাউজান কলেজের কোয়ার্টার থেকে নির্মাণসামগ্রী চুরি, আটক ১

রাউজান সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের নির্মাণাধীন আবাসিক কোয়ার্টার থেকে ৩০ প্যাকেট টাইলস চুরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাউজান সদরের মুন্সিঘাটা এলাকার একটি দোকান থেকে ওইসব চোরাই টাইলস উদ্ধার করে রাউজান থানা পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এই ঘটনায় পলাশ নামের স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাউজান সরকারি কলেজের নির্মাণাধীন আবাসিক কোয়ার্টার থেকে ৩০ প্যাকেট টাইলস চুরি হয়েছে। প্রতিটি প্যাকেটে ছয়টি করে টাইলস ছিল। চুরি হওয়া টাইলসের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।

অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর সোমবার বিকেল চারটার দিকে কলেজের অফিস সহকারী জয় দেবনাথ নির্মাণাধীন কোয়ার্টার পরিদর্শন করে সবকিছু ঠিকঠাক দেখতে পান। সকাল নয়টার দিকে আবার সেখানে গিয়ে তিনি টাইলসগুলো দেখতে না পেয়ে বিষয়টি জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামকে জানান।

পরে জহিরুল ইসলাম কলেজের আরেক কর্মচারী মো. হাসানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে টাইলস চুরির বিষয়টি নিশ্চিত হন।

ওসি সাইফুল ইসলাম রাতে বলেন ‘পলাশ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তে সে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে ওই পলাশ আটক হওয়ার সময় সাংবাদিকদের বলেন ‘আমি এ ঘটনায় জড়িত নই। সুজন, নয়ন, রাজু, মধু নামের চারজন এই ঘটনা ঘটিয়েছে।’

কলেজের শিক্ষকরা জানান, কলেজের ওই প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে লোহাসহ আরো নানান জিনিসপত্র চুরি হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট