জমি সংক্রান্ত বিরোধে এক নারীর দায়ের করা মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে গেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুরুল বশর। জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। নুরুল বশর টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা শফি মেম্বারের ছেলে। নুরুল বশরের ছোট ভাই যুবলীগ নেতা নুরুল আলম টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
মামলার বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন নুরুল বশর। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২০ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকায় মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানার ভাড়া বাসা দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় হামলায় রেহেনুমা ও তার স্বামীসহ কয়েকজন গুরুতর আহত হন। ওই ঘটনায় রেহনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জামিন চাইতে এসে তিনি গ্রেপ্তার হয়েছেন। এর আগে ২০২৪ সালে ৩ জুন গ্রেপ্তার হয়েছিলেন নুরুল বশর।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নুরুল বশরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
পূর্বকোণ/রানা


















