কক্সবাজারের পেকুয়ায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করায় আসামিদের প্রাণনাশের হুমকিতে পুরো পরিবার ঘরছাড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর টইটং ইউনিয়নের ওই শিক্ষার্থীকে প্রেমের সুযোগ নিয়ে কক্সবাজারে নিয়ে যান নাপিতখালী এলাকার তোফায়েল। সেখানে একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয়। পরদিন তাকে টইটং ধনিয়াকাটা এলাকায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি শালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেন বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে প্রতিকার চেয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৯ অক্টোবর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোফায়েল ও সিএনজি চালক খোরশেদকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের হুমকির মুখে ভুক্তভোগীর পরিবার বসতঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরুল হাসান জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় এবং বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য না থাকায় খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















