চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন বিক্ষুব্ধ লোকজন।
নিহত দেলোয়ার হোসেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, “মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে। থানার পুলিশের ওপরও চড়াও হন বিক্ষুব্ধ লোকজন। পরিস্থিতি স্বাভাবিক করে বিস্তারিত জানানো হবে।”
পূর্বকোণ/রানা/পারভেজ



















