কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ঘটছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো মূল্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছেন তিনি।
আজ সোমবার (২০ জুলাই) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক নিরাপত্তা রক্ষা, সড়ক ও পর্যটন এলাকার ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত অংশীজনেরা জেলার বর্তমান পরিস্থিতি তুলে ধরে নিজ নিজ মতামত প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “বর্তমান সরকার আইনের শাসনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। তাই যেকোনো উপায়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, এনসিপির আহ্বায়ক প্রফেসর আখতারুল আলম, জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুখসহ সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















