চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী তারকা

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা দল। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ইনজুরির কারণে আগামী ম্যাচে মাঠে নামতে পারছেন না। তার ডান পায়ের কোয়াড্রিসেপসের পেশিতে চোট ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এই মাংসপেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। ফলে আগামী সোমবার অনুষ্ঠিতব্য ম্যাচটিতে তার খেলার কোনো সম্ভাবনা নেই।আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাহুয়েল মলিনা।

কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এই রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। মলিনাই এখন রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব পাচ্ছেন।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে শুভসূচনা করলেও, উইনিং কম্বিনেশন ভেঙে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মলিনা ছাড়াও রক্ষণভাগে ফিরতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা নিকোলাস তাগলিয়াফিকো।

এছাড়া আক্রমণভাগেও থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট