টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার জলই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জলই গ্রামের বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১২), একই এলাকার গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং প্রতিবেশী রতন নকরেক (২৫)। তারা সবাই আদিবাসী জনগোষ্ঠী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত ওই কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে ১২ বছর বয়সী শিশু নেইমার। সে দীর্ঘক্ষণ উঠে না আসায় তাকে বাঁচাতে বাবা বাবুল হাদিমা কূপে নামেন।
পরবর্তীতে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পর্যায়ক্রমে এলাকার জামাতা গ্যাব্রিয়েল এবং প্রতিবেশী রতনও কূপে নামেন। চারজনের কেউই ফিরে না আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লাবু তরফদার বলেন, ধারণা করা হচ্ছে- দীর্ঘদিনের পরিত্যক্ত ৮ ফুট গভীর ওই কূপে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। ফলে অক্সিজেনের অভাবে দম আটকে তাদের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/এএইচ
















