অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের সম্পদ লুটপাটের কারণে সৃষ্ট ক্ষতির মাশুল এখনো প্রতিটি নাগরিককে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম নগরের টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে তৈরি হওয়া বিপুল ঋণের বোঝা, বিপর্যস্ত ব্যাংকিং খাত ও ক্ষতিগ্রস্ত পুঁজিবাজারের চাপ সামাল দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এর মধ্যেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি দুর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আমির খসরু বলেন, এই চক্র চায় না বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছাক কিংবা এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাক। তাদের অপচেষ্টা প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অর্থনীতিকে অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত রাখার পুরোনো ব্যবস্থা ভাঙার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল যেন সীমিতসংখ্যক মানুষের হাতে আটকে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। চট্টগ্রামের উন্নয়নে আরও বড় পরিসরে চিন্তা করতে হবে।
তিনি জানান, চট্টগ্রামকে শুধু স্থানীয় বা জাতীয় অর্থনীতির কেন্দ্র নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস অবকাঠামো নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আন্তর্জাতিক মান ও দক্ষতা বাড়াতে বন্দর পরিচালনায় বেসরকারি খাতের ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নদীবন্দর হওয়ায় চট্টগ্রাম বন্দরের প্রাকৃতিক গভীরতার সীমাবদ্ধতা রয়েছে। বড় জাহাজের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার সুযোগ বাড়াতে মহেশখালী ও খুলনায় ১৫ থেকে ২০ মিটার ড্রাফটের গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরের পিএসএসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে টার্মিনাল সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমির খসরু জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগির শুরু হবে। পচনশীল পণ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ সহজ করতে সেখানে বিশেষায়িত কার্গো ভিলেজ ও কোল্ড চেইন স্টোরেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
পূর্বকোণ/আরআর


















