চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী একটি ডোবা থেকে পাহাড়ি এক অজ্ঞাত যুবকের (৪৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়া সীমান্তবর্তী এলাকার একটি ডোবায় লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ আরো জানান, লাশটি পচে-গলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে এবং স্থানীয়রা এটি শনাক্ত করতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, তিন-চার দিন আগে খাল-বিলে সাপ, ব্যাঙ বা কুচে শিকার করতে এসে অসাবধানতাবশত ডোবার পানিতে তলিয়ে গিয়ে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















