চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পাহাড়চূড়ার বিস্ময় শতবর্ষী হাতি বাংলো

পাহাড়চূড়ার বিস্ময় শতবর্ষী হাতি বাংলো

নাজিম মুহাম্মদ 

২০ নভেম্বর, ২০২৬ | ১:০৪ অপরাহ্ণ

নগরীর লালখান বাজার এলাকায় সিআরবির (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) পাহাড়ি সবুজে ঘেরা পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রাচীন স্থাপনা। যা স্থানীয়দের কাছে ‘হাতি বাংলো’ নামে পরিচিত। দূর থেকে দেখলে মনে হবে যেন বিশালাকৃতির একটি হাতি পাহাড়ের চূড়ায় শুঁড় তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলেই এই দৃষ্টিভ্রম ভাঙে এবং উন্মোচিত হয় ইট-পাথরে গড়া এক অনন্য স্থাপত্যশৈলী।
 
জানা যায়, আনুমানিক ১৮৯৩ থেকে ১৮৯৮ সালের মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি যখন চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ  শুরু করে, তখনই এই বাংলোটি তৈরি করা হয়েছিল। সেসময় রেলপথ নির্মাণকাজে যুক্ত ব্রিটিশ প্রকৌশলী ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসনের উদ্দেশ্যেই এটি নির্মিত হয়। আসাম বেঙ্গল রেলওয়ের তৎকালীন প্রধান প্রকৌশলী ব্রাউনজারের তত্ত্বাবধান ও নকশায় বাংলোটি নির্মিত হয়েছিল বলে ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়।
 
ইতিহাস লেখক জামাল উদ্দিন জানান, হাতির আদলে তৈরি করা ঘরটি কোন বাস ভবন নয়। মূলত এটি একটি বাংলো। তৎকালীন সময়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে এ বাংলোতে রাতযাপন করতো। অযত্ন আর অবহেলায় বাংলোটি এখন ধ্বংসের পথে। ঘরের অবকাঠামো ছাড়া সেখানে আর তেমন কিছু অবশিষ্ট নেই। 
 
সরেজমিন দেখা যায়, এই বাংলোটি কীভাবে তৈরি করা হয়েছিল,তা স্থাপত্যবিদ্যার এক অনন্য বিস্ময়, কারণ পাহাড়ের প্রাকৃতিক গঠন ও চারপাশের গাছপালা না কেটেই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিত্তি স্থাপন করা হয়েছিল। বাংলোটির মূল কাঠামো ইট ও পাথরের মজবুত গাঁথুনির ওপর দাঁড়ালেও এর সম্মুখভাগে হাতির মাথা, কান ও শুঁড়ের অবয়ব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হাতির শুঁড়ের মতো ঢেউখেলানো অংশটি দিয়ে মূলত দোতলার খোলা বারান্দার ছাদ তৈরি করা হয়েছে। ডুপ্লেক্স এই ভবনটির নিচতলায় চারটি বড় শয়নকক্ষ এবং দোতলায় একটি শয়নকক্ষ রয়েছে। বাংলোটির দরজা-জানালা নির্মাণে তৎকালীন সময়ে স্থানীয়ভাবে প্রাপ্ত উন্নতমানের কাঠ ব্যবহার করা হয়েছিল। এর জানালা গুলোর নকশাও বেশ অদ্ভুত। দু’পাশের জানালাগুলো ষড়ভুজাকৃতির এবং সামনের দিকে শুঁড়ের অবয়বের কাছে থাকা গোলাকার ছিদ্র ও জানালাগুলো হাতির চোখ ও দাঁতের মতো দৃশ্যমান হয়।
 
ইতিহাসবিদ ও বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, বাংলোটি তৈরি করতে ঊনবিংশ শতাব্দীতে অত্যন্ত আধুনিক ও বিরল প্রযুক্তি ‘ফেরো সিমেন্ট’ (তারজালি, বালু ও সিমেন্টের বিশেষ মিশ্রণ) ব্যবহার করা হয়েছিল, যা এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করেছে। ব্রিটিশ আমলে লালখান বাজারের এই পাহাড়ি এলাকাটিতে বুনো হাতির বিচরণ ছিল এবং ব্রিটিশরা এখানে হাতি প্রশিক্ষণের কাজও করত। ধারণা করা হয় সেই কারণেই স্থানীয় পরিবেশে হাতির উপস্থিতি প্রভাবিত হয়ে প্রকৌশলী ব্রাউনজার বাংলোটিকে হাতির আদলে নির্মাণ করেছিলেন।
 
জানা যায়, প্রচলিত ঔপনিবেশিক বাংলোর গঠন থেকে এটি অনেকটাই আলাদা এবং কোনো সুপরিকল্পিত আদর্শ অনুসরণ না করলেও এটি দেশের স্থাপত্য ইতিহাসে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। প্রায় ১৩২ বছরের পুরোনো এই ভবনটির গায়ে হাতির গায়ের রঙের সঙ্গে মিল রেখেই ছাই রঙের প্রলেপ দেওয়া হয়েছিল, যা দূর থেকে একে একটি জীবন্ত হাতির রূপ দিত। দেশভাগের পর বাংলোটি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের তত্ত্বাবধানে চলে আসে এবং দীর্ঘকাল ধরে এটি রেল কর্মকর্তাদের আবাসিক বাংলো হিসেবে ব্যবহৃত হয়েছে। এমনকি ২০১৫-২০১৬ সাল পর্যন্ত এটি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রেস্ট হাউস হিসেবে সচল ছিল। তবে কালের বিবর্তনে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ঐতিহ্যবাহী এই হাতির বাংলোটি প্রায় পরিত্যক্ত ও জরাজীর্ণ হয়ে গেছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট