চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চবি হলে মাদক সেবনের অভিযোগে আটক ৮

চবি হলে মাদক সেবনের অভিযোগে আটক ৮

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী ও এক বহিরাগতসহ আটজনকে আটক করেছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি। এদিকে, একই হলের অন্য একটি কক্ষে তল্লাশি চালানোর সময় দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
 
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার এই অভিযানে গাঁজা, বিয়ারের বোতল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর কক্ষটি সিলগালা করা হয়েছে। 
 
হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি জানান, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় কক্ষটি থেকে মাদক সেবনরত অবস্থায় আটজনকে হাতেনাতে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ারের বোতল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলেন-ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া কামরুল ইসলাম নামে এক বহিরাগত অতিথিও সেখানে ছিলেন।
 
অন্যদিকে, একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালানোর সময় ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। 
 
এ বিষয়ে আবাসিক শিক্ষক বাপ্পারাজ হাওলাদার জানান, দুই শিক্ষার্থী তাদের দুইজন শিক্ষককে ধাক্কা দিয়েছিলেন। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের পরিচয় বুঝতে না পেরে তারা কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।
 
অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘গান-বাজনার কথা বলে তারা কক্ষটিতে মাদকের আসর বসিয়েছিল। কক্ষের চারটি টেবিলে কোনো বই ছিল না, ছিল মাদক ও বিয়ারের বোতল। কক্ষটি সিলগালা করা হয়েছে এবং একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। এ ছাড়া শিক্ষকদের ধাক্কা দেওয়ার ঘটনায় অভিযুক্তরা পরে ক্ষমা চেয়েছেন।’
 
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক জানান, আলামত উদ্ধার ও কক্ষ সিলগালা করার পাশাপাশি অভিযুক্তদের আবাসিক আসন বাতিল করা হবে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট