চট্টগ্রামের মিরসরাইয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন (৩৩) খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানান, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে ইয়াবার বড় এই চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ফারুকের। অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে ঢাকাগামী বাসের অপেক্ষায় বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকার ‘জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘর’-এর সামনে অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই আকরামুল হক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















