চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ নিহত ৪

অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ নিহত ৪

কক্সবাজার সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৬ | ৭:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে পর্যটকবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও তিনজন।
 
তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
 
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।   
 
নিহতরা হলেন উপজেলার কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
 
আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দক্ষিণ মিঠাছড়ি থেকে পার্শ্ববর্তী রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথমধ্যে কাটিরমাথা রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে অটোরিকশাটির তীব্র সংঘর্ষ হয়।
 
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মারা যান কাসফিয়া। আশঙ্কাজনক অবস্থায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অন্য তিনজনের মৃত্যু হয়।
 
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেট কিংবা গেটম্যানের উপস্থিতি নেই। এর ওপর লাইনের দু’পাশে বড় বড় গাছপালা থাকায় ট্রেন আসার বিষয়টি চালকদের দৃষ্টিগোচর হয় না।
 
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদীন বলেন, “ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ও নিহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আইনি কার্যক্রম ও তদন্ত শুরু করেছে।”
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট