সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গোপালগঞ্জ পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তার সঙ্গে রয়েছেন বিজিবি ও এসআরবির ডিজিও।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান।
আইজিপির সঙ্গে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করছেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
রবিবার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালায় বলে অভিযোগ রয়েছে। পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকালে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারও ভাঙচুর করা হয়।
পূর্বকোণ/এএইচ


















