চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্কুলে টানালো হলো ব্যানার

বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্কুলে টানালো হলো ব্যানার

বাঁশখালী সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে আগের নামসংবলিত ব্যানার টাঙানোর ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় উপজেলার দক্ষিণ জলদি ও শীলকূপ ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ারা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে জুমার নামাজ চলাকালে দক্ষিণ জলদি প্রধান সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেন।
 
একই সময়ে উপজেলার শীলকূপ ইউনিয়নে ‘বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়’-এর প্রধান ফটকে আগের নাম ‘বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয় সংগঠনটির কর্মীরা। ব্যানার সাঁটানোর পর স্লোগান দিয়ে জুমার নামাজ শেষ হওয়ার আগেই তারা আত্মগোপনে চলে যায়। পরে নামাজ শেষে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয়ের ফটক থেকে ব্যানারটি খুলে ফেলেন।
 
উল্লেখ্য, শীলকূপ ইউনিয়নে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টি একসময় ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিত ছিল, যা পরবর্তীতে ‘বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়’ নামকরণ করা হয়।
 
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, এলাকার স্বাভাবিক পরিস্থিতি বিনষ্টকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট