চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পাহাড়তলীতে চাঁদার প্রতিবাদ করায় যুবককে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় সাজ্জাদ হোসেন মাসুম (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার ২৪ ঘণ্টার মধ্যে মো. আবুল হোসেন আজিম (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

শুক্রবার (২০ নভেম্বর) এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকা থেকে মো. আবুল হোসেন আজিমকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি এ মামলার এজাহারনামীয় পাঁচ নম্বর আসামি।

এসআরবি-৭ জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলীর একেখাঁন মোড়ের জাকির হোসেন রোড এলাকায় সিএনজিচালক শাহাদাত হোসেনের কাছে একদল দুর্বৃত্ত এক হাজার টাকা চাঁদা দাবি করে। শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

এসময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বন্ধু শাহাদাতকে আক্রান্ত হতে দেখে এগিয়ে যান মাসুম। তিনি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে মাসুমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে ১৯ নভেম্বর পাহাড়তলী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট