চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৬ | ২:৫৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের মেঘনাঘাটের কাছে জাতীয় বিদ্যুৎ গ্রিডের পূর্বাঞ্চলীয় অংশে কারিগরি ত্রুটির কারণে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে তিন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
 
গ্রিডের কর্মকর্তারা জানান, সঞ্চালন লাইনে আকস্মিক ট্রিপের পর গ্রিডে ফ্রিকোয়েন্সি অতিরিক্ত বেড়ে যাওয়ায় একাধিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, জাতীয় গ্রিডে সম্পূর্ণ বিপর্যয় এড়ানো গেলেও বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকার বিদ্যুৎ বিতরণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে।
 
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।’
 
জহুরুল ইসলাম জানান, সিলেট ও প্রান্তিক এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। অন্যদিকে ঢাকা ও আশপাশের বিতরণকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ এগিয়ে চলছে। প্রকৌশলীরা গ্রিডের লোডের ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
 
কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)। কর্মকর্তারা জানান, ত্রুটির সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে রিলে ফল্টের তথ্য বিশ্লেষণসহ বিস্তারিত কারিগরি প্রতিবেদন তৈরির কাজ চলছে।
 
দেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় মেঘনাঘাট একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটলে আন্তঃসংযোগ লাইনের মাধ্যমে তা দ্রুত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব আঞ্চলিক উপকেন্দ্র থেকে শুরু করে গ্রাহক পর্যায়ের বিতরণ লাইন পর্যন্ত পড়ে।
 
বিপিডিবি জানিয়েছে, প্রধান বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রগুলো ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরলেও ক্ষতিগ্রস্ত সব এলাকায় পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল করতে আরও কিছুটা সময় লাগবে।
 
এদিকে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুঃখ প্রকাশ করেছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে তারা।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট