চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মাদক মামলায় মো. সিরাজুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ইব্রাহিম নামে আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ জেসমিন কলির আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. সিরাজুল ইসলাম (৩৫) ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর আলী আকবর মাস্টার বাড়ির মো.আমির হোসেন প্রকাশ হোসেনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, তিনজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি সিরাজুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইব্রাহিমকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ এপ্রিল বিকেলে নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় ফেনী থেকে চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামানো হয় তল্লাশির জন্য। এসময় বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের বক্সে রাখা দুটি বস্তা থেকে আরও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। মামলার নথিতে সিরাজুল ইসলাম ও ইব্রাহিমকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
পূর্বকোণ/পিআর


















