কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে বিনিয়োগের উন্মাদনা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
তাঁর আশঙ্কা, অর্থায়ন সংকুচিত হয়ে আসায় এআই অবকাঠামো খাতের শত শত প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে কিংবা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে বাধ্য হতে পারে। তাঁর এই সতর্কবার্তা প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগের যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদে তা থেকে পর্যাপ্ত মুনাফা অর্জনের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এআই সেবা সম্প্রসারণের প্রত্যাশায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলো তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার), উন্নত সেমিকন্ডাক্টর চিপ এবং বিপুল কম্পিউটিং সক্ষমতা তৈরিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে। কিন্তু ঋণের বোঝা বৃদ্ধি, অর্থায়ন পাওয়ার অনিশ্চয়তা এবং প্রত্যাশিত মুনাফা অর্জনে সংশয় কিছু প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলকে ঝুঁকির মুখে ফেলছে। ফলে এআই শিল্পে বড় ধরনের পুনর্গঠন এবং দুর্বল প্রতিষ্ঠানগুলোর বাজার থেকে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রযুক্তিগত বিপ্লব হিসেবে এআইয়ের সম্ভাবনা বাস্তব হতে পারে, কিন্তু মাস্কের সতর্কবার্তা একটি কঠিন প্রশ্ন সামনে এনেছে—অর্থের জোগান ফুরিয়ে গেলে এই দৌড়ে শেষ পর্যন্ত কতটি প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে?
পূর্বকোণ/ইবনুর


















