চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্লাস্টিকের বিনিময়ে চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ: বর্জ্য পুনর্ব্যবহারে নতুন পদক্ষেপ

প্লাস্টিকের বিনিময়ে চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ: বর্জ্য পুনর্ব্যবহারে নতুন পদক্ষেপ

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ৫:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে শিক্ষার্থীদের প্রবেশের অনন্য সুযোগের পর এবার সংগৃহীত বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের (রিসাইক্লিং) উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের থেকে জমাকৃত প্লাস্টিকের পরিবেশবান্ধব প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ‘ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ’।

সোমবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমঝোতা স্মারকে জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী। 

সমঝোতা অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবে। অন্যদিকে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারের ব্যবস্থা করবে। পাশাপাশি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগের মাধ্যমে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি পুনর্ব্যবহার বাড়ানো এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, ইপসা ও চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট