চট্টগ্রাম মহানগরীতে অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নগরীর খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ছয়টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চারটি ভবনের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়। এর মধ্যে দুটি ভবন সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে হলফনামা নেওয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান বাস্কেটসহ আরও দুটি ভবনকে সতর্ক করা হয়েছে।
অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিভিন্ন অংশ আংশিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে হলফনামা নেওয়া হয় এবং বিধিবিধান মেনে ভবন নির্মাণের বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে চউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের বলেন, “অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ নগরীর পরিকল্পিত উন্নয়ন ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। ভবন মালিকদের অবশ্যই চউক অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনা করতে হবে।”
তিনি আরও বলেন, “নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নির্মাণসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ভবন মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
চউকের এ ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা এবং ভবন নির্মাণসংক্রান্ত বিধিবিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার ১ কাজী কাদের নেওয়াজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় চউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর


















