চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে মাটিতে আছাড় মেরে হত্যার ঘটনায় মো. জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
জানা যায়, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সকালে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার ও উচ্চার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই এলাকার আবু তাহেরের ছেলে।
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে তুলে মাটিতে আছাড় মারার অভিযোগ ওঠে ইতালি প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। তার মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হলে পথে শিশুটির মৃত্যু হয়।
জানা গেছে, নিহত শিশুটির বাবা আবু তাহেরের সঙ্গে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শিশুটির ওপর হামলার অভিযোগ ওঠে।
শিশু আলী হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পূর্বকোণ/পল্লবী


















