নগরের চান্দগাঁও এলাকায় অটোরিকশার গ্যারেজে চুরির অভিযোগে মো.হাসান (৩০) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে নগরের সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত শাহ আলমের ছেলে। তিনি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে চুরির অপবাদে হাসানকে ধরে নিয়ে যান অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে লাশটি গুম করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে রাখা হয়। সোমবার সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিক তথ্য পেয়েছি যে, চুরির অভিযোগে ওই যুবককে ধরে নিয়ে মারধর করা হয়েছিল। কারা এবং ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে আমাদের তদন্ত চলছে। নিহত যুবকের ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পূর্বকোণ/রাকিব/আরআর


















