চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণলঙ্কারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষ।
আটক যাত্রীর নাম মো. শরীফ। তিনি নোয়াখালী জেলার সেনবাগ এলাকার বাসিন্দা। তিনি মানিক ট্রাভেলস এন্ড ট্যুরস হজ্ব কাফেলার একজন সদস্য ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি জানান, সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে নামে। সেই ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহ হওয়ায় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস তল্লাশি শুরু করেন। তল্লাশিকে তার হ্যান্ড ব্যাগ থেকে ১ কেজি ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার (চুড়ি) উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণালঙ্কার থেকে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো বৈদেশিক মুদ্রা পাচার রোধসহ স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর


















