চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্যসহ চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৫৬

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ৬:০০ অপরাহ্ণ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে ১ হাজার ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৭০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

রোববার (২৫ অক্টোবর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল সোমবার (২৬ অক্টোবর)  বিকেলে এ তথ্য জানানো হয়।

 

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, আগের মামলায় ৬৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১২৭ জন, সাজা পরোয়ানাভুক্ত ১৭ জন এবং মাদক মামলায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৬ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ৩৬টি মাদক মামলা করা হয়েছে। অভিযানে ১ হাজার ২১২টি ইয়াবা বড়ি, ১২ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা এবং ৯৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যের মধ্যে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন করে, কুমিল্লা ও নোয়াখালীতে দুজন করে এবং কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে একজন করে গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৭০ জনের মধ্যে ৩৯৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৮৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৩৩, লক্ষ্মীপুরে ১১৬, চাঁদপুরে ৩৭, নোয়াখালীতে ৩৪, ব্রাহ্মণবাড়িয়ায় ২২, রাঙামাটিতে ১৭, খাগড়াছড়িতে ১৩, কক্সবাজারে আট ও ফেনীতে সাতজনকে আটক করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট