চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ৫:৫৬ অপরাহ্ণ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের নদী ও উপকূলীয় অঞ্চলে নিয়মিত বিশেষ অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিতকল্পে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল ও কঠোর নজরদারি চলছে।

কোস্ট গার্ড জানায়, নিষেধাজ্ঞা সফল করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

“আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য”- এই স্লোগানকে সামনে রেখে সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার এবং মা ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন বা যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট