চট্টগ্রাম সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ

রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ

রাউজান সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে পাহাড়তলী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি বলে জানা গেছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা পেয়েছে ব্যাংকের ভবনটি।

শাখা ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে শাখার নিরাপত্তায় নিয়মিত একজন নৈশপ্রহরীর পাশাপাশি আরও দুজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভবন লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারে। এতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে দায়িত্বে থাকা তিন প্রহরী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবস্থাপক আরও জানান, প্রহরীরা বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা পাশের ধানখেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ব্যাংক ভবনে নিক্ষেপ করা বস্তুটি পেট্রল বোমা ছিল, নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভবনের গায়ে বিস্ফোরণের পর সৃষ্ট কালচে ধোঁয়ার দাগের মতো চিহ্ন দেখা গেছে।

উল্লেখ্য, এর আগে রাউজান উপজেলার গহিরা ও কদলপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগ ও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই দুটি ঘটনায়ও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট