চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা, শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি এবং ক্যাম্পাসে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই শাটডাউনের আওতায় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য নিয়োগ নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে গত ২৫ নভেম্বর রাতে দ্বিতীয়বারের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর ফলে ২৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে এর মধ্যেই আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরীক্ষার আয়োজন করা হয়।
স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী বলেন, ‘স্থাপত্য বিভাগের কোর্স পাঁচ বছরের। তাঁরা শেষ বর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীরা বিভাগে লিখিত আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা চলছে।’
উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির কর্মসূচি
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে চুয়েট শিক্ষক সমিতি। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় আগামী ২ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে এ মৌন মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত সিদ্ধান্তে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন যোগ্য ও উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।
এর আগে গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় একই দাবি জানানো হয়েছিল। দাবির সমর্থনে রোববার সকাল ১১টায় মৌন মিছিল করার সিদ্ধান্ত থাকলেও পরবর্তী সময়ে তা স্থগিত করে ২ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সাংবাদিকের ওপর হামলা, তিন শিক্ষার্থী শনাক্ত
এদিকে শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি ও চুয়েট সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য মিসবাহ উদ্দিন স্বাধীন।
চুয়েট সাংবাদিক সমিতির দাবি, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত তিন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিহাবুল ইসলাম ও সাজিদ মাহমুদ এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গোবিন্দ মোদক।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে চার থেকে পাঁচজন শিক্ষার্থী আহত হন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ সাংবাদিক স্বাধীনকে বাধা দেন।
পরে সাংবাদিক পরিচয় নিশ্চিত করতে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিবকে ঘটনাস্থলে ডাকা হয়। তিনি স্বাধীনকে সমিতির কার্যকরী সদস্য ও সংবাদকর্মী হিসেবে পরিচয় করিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, পরিচয় নিশ্চিত হওয়ার পরও কয়েকজন শিক্ষার্থী তাঁর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে মারধর করেন। এ সময় শিহাবুল ইসলাম ও সাজিদ মাহমুদ তাঁকে এলোপাতাড়ি ঘুষি মারেন। পরে গোবিন্দ মোদকও কয়েক দফা মারধর করেন। একপর্যায়ে অরিন ঘোষ তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ভুক্তভোগী সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন বলেন, সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও তাঁর ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও এ ধরনের হামলা উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সমিতির সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বলেন, এ ঘটনা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন নয়, বরং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকি।
এ ঘটনায় চুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তারা হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন। একই ঘটনায় একজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে জেনেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির নতুন কর্মসূচি, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনিক তদন্তের অপেক্ষা এবং শাটডাউনের মধ্যেও সীমিত পরিসরে পরীক্ষা আয়োজন—সব মিলিয়ে চুয়েটের পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















