কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে একটি সন্দেহভাজন ট্রলারসহ নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন ২৯ নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়া ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর পায়তারা করছিল। উন্নত জীবনযাপন ও উচ্চ আয়ের লোভনীয় প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসহায় ও ভাগ্যান্বেষী মানুষদের উপকূলে জড়ো করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বাহারছড়া উপকূলীয় এলাকায় ২৯ নভেম্বর সকালে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি চৌকস দল। অভিযান চলাকালে সাগরপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা বিপুলসংখ্যক মানুষকে বহনকারী একটি সন্দেহভাজন ট্রলারের সন্ধান পাওয়া যায়। কোস্টগার্ডের সদস্যরা দ্রুত ট্রলারটি জব্দ করেন এবং ভেতরে থাকা ৩১৭ জনকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারদের মধ্যে পুরুষ ২৯৫ জন, শিশু ৪ জন এবং নারী ১৮ জন।
মানবপাচার রোধে এবং উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার ৩১৭ জন এবং আটক সাত দালালের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ চলছে।
পূর্বকোণ/পিআর

















