আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে এসআরবি-১৫ জানতে পারে, হত্যা মামলা ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধের ফেরারী আসামি কক্সবাজার বিমানবন্দর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে খাইরুল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার খাইরুল আমিন উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি/৪) নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া আদালত তার বিরুদ্ধে মাদক ও দস্যুতার অভিযোগে ৩টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পূর্বকোণ/রানা/পারভেজ



















