চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রকে অপহরণ

টেকনাফে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রকে অপহরণ

টেকনাফ সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৬ | ৩:১৫ অপরাহ্ণ

টেকনাফে মামার সঙ্গে জমি দেখে ফেরার পথে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে পাহাড়ি দুষ্কৃতকারীরা।
 
 
অপহৃত শিশু মো. রিহান (১১) হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার জমিল হোছনের ছেলে এবং বড়খিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
 
 
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং পুটিবনিয়ার মিজ্জির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
 
শিশুটির মা সামসুন নাহার বলেন, শনিবার সকালে রিহান তার মামা নুরুল কবিরের সঙ্গে রইক্ষ্যং পুটিবনিয়ার পাহাড় সংলগ্ন মিজ্জিরছড়া এলাকায় চাষাবাদের জমি দেখতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সাত থেকে আট জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে ঘিরে ফেলে। একপর্যায়ে নুরুল কবির ফিরে আসতে পারলেও সশস্ত্র ডাকাত দলের সদস্যরা রিহানকে অপহরণ করে নিয়ে যায়। আমি আমার ছেলেকে ফেরত চাই। আমার ছেলে বড়খিল নুরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
 
 
ডাকাতের কবল থেকে পালিয়ে আসা নুরুল কবির বলেন, সশস্ত্র ডাকাতদল আমাদের দুজনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমার হাতে থাকা দা দিয়ে তাদের ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করি। একপর্যায়ে আমি কোনো রকমে পালিয়ে আসতে পারলেও আমার ভাগিনা রিহানকে সঙ্গে আনতে পারিনি।
 
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট