চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর, ১৫ লাখ টাকার ক্ষতি 

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর, ১৫ লাখ টাকার ক্ষতি 

বাঁশখালী সংবাদদাতা 

৮ নভেম্বর, ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্ৰামে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 
 
 
রবিবার (৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
 
আগুনে ক্ষতিগ্রস্তরা হলো- আব্দুল আজিজ মাঝি, আব্দুস সাত্তার, আব্দুল নূর, মাওলানা মো. মহিউদ্দিন, মোহাম্মদ আক্তার।
 
 
ক্ষতিগ্রস্তরা জানান, আজ ভোর ৫টার দিকে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্ৰামে আগুন লাগে। এসময় পরিবারের অনেক সদস্য ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে দ্রুত বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
 
 
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে। 
 
 
গন্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওসমান গনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে সরকারি সহায়তা দেয়ার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
 
 
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহযোগিতা দেওয়া  হবে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট