চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মিরসরাই সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৬ | ৯:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে ও বিকেলে ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে আবুল কালাম (৭৮) এবং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী রিজিয়া বেগম (৭৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আবুল কালাম ছোট কমলদহ এলাকায় মেয়ের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন বিকেলে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মহাসড়কের ওই একই এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি রিজিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন পূর্বকোণকে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট