খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ।
বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। বাসের ভেতরে সহকারী ঘুমাচ্ছিলেন। তবে টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার কিছু সময় আগে বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে অন্তত এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, রাতের আঁধারে কেউ বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/পিআর


















