চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাদ্রাসার শিক্ষাসফরের বাস, শিক্ষকসহ নিহত ২; অন্তত ৪০

আহত ৪০

কক্সবাজার যাওয়ার পথে ডোবায় পড়ে গেল মাদ্রাসা শিক্ষাসফরের বাস, শিক্ষকসহ দু’জন নিহত

সাতকানিয়া সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
 
শনিবার (৭ নভেম্বর) ভোরে কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘তিসা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস কেরানিহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশে একটি গভীর ডোবায় পড়ে যায়। বাসটিতে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই বার্ষিক শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন।
 
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। আহতদের উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় দু’জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
 
 
পূর্বকোণ/মিফতা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট