চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ৩ মরদেহের সন্ধান

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ৩ মরদেহের সন্ধান

টেকনাফ সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় তিন মরদেহ পড়ে থাকার তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মরদেহগুলো উদ্ধারে অভিযান চলছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হ্নীলার নয়াপাড়া ও লেদা ক্যাম্প সংলগ্ন গহীন অরণ্যে মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, গহীণ অরণ্যে মানবপাচারকারীদের আস্তানায় তিন জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ি এলাকায় সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে পাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ (২৭) নিহত হন। ওই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫৬ জন জিম্মিকে উদ্ধার এবং চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃতদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাহাড়ে নতুন করে তিনটি মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অপরাধ করে কারও পার পাওয়ার কোনো সুযোগ নেই।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট