চট্টগ্রামের হাটহাজারীতে একটি ভাড়াবাসার টয়লেট থেকে ফয়েজ উল্লাহ ফরিদ (৫৫) নামের এক প্রবাসফেরত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফয়েজ উল্লাহ ফরিদ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার মুন্সী বাড়ির বাসিন্দা ছিলেন। তার পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সাথে অভিমান করে তিনি নগরীর চকবাজার ছেড়ে হাটহাজারীতে এসে একা বসবাস শুরু করেন এবং সেখানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রায় এক বছর ধরে তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় একা থাকছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বাসা থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে টয়লেটের ভেতর তার অর্ধগলিত মরদেহ দেখতে পায়।
পরবর্তীতে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















