কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রনধীর চক্রবর্তী (৬০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, গত ১৯ অক্টোবর দুর্গা পূজার অষ্টমীর দিন সকালে বড়ইছড়ি জগন্নাথ মন্দিরে পূজা শেষে বাড়ি ফিরছিলেন রণধীর চক্রবর্তী। পথমধ্যে বড়ইছড়ি-ঘাগরা সড়কের মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাপ্তাই বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ ১৯ দিন ধরে হাসপাতালের আইসিইউ ও ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, প্রয়াত রণধীর চক্রবর্তী দীর্ঘ ৩২ বছর ধরে বড়ইছড়ি জগন্নাথ মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন।
পূর্বকোণ/এমএইচ



















