রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের কলান্তর ছড়া এলাকায় নিজ কলাবাগানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইউনুস পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেংগো এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় চার মাইল দূরে কলান্তর ছড়া এলাকায় নিজের কলাবাগান থেকে কলার ছড়া আনতে যান ইউনুস। এ সময় হঠাৎ ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফিরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার কল করেন। তবে তিনি ফোন রিসিভ না করায় পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরে বিকেলের দিকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার কলাবাগানে গিয়ে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, বজ্রপাতে ইউনুস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে পরিবারের সদস্যরা পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করতে পারবেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















