এস আলম গ্রুপের আওতাধীন বন্ধ সব কলকারখানা অবিলম্বে চালু এবং চাকরিচ্যুত কয়েক হাজার শ্রমিক-কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল করেছেন ভুক্তভোগী শ্রমিক-কর্মচারীরা। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে বন্ধ কারখানা চালু, পূর্বে কর্মরত শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে শ্রমিক-কর্মচারীরা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েন। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা ও তাদের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদের কর্মস্থল বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেন তারা।
স্মারকলিপিতে আরও বলা হয়, কারখানা বন্ধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের একাধিকবার বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। মালিকপক্ষের বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের সিদ্ধান্তে কারখানার ঋণ হিসাব ও ব্যবসায়িক হিসাব বন্ধ হয়ে যাওয়ায় চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হয়। এ কারণে কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন হলে কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও মালিকপক্ষ জানিয়েছে।
শ্রমিকেরা দাবি করেন, দীর্ঘদিন ধরে বেকার থাকায় হাজার হাজার শ্রমিক-কর্মকর্তা ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। একসময় ২৪ ঘণ্টা কর্মচঞ্চল থাকা কারখানাগুলো এখন বন্ধ পড়ে আছে। এতে উৎপাদন ও কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্মারকলিপিতে সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের উদাহরণ তুলে ধরে বলা হয়, শিল্পকারখানা চালু রাখতে সরকার ইতিবাচক উদ্যোগ নিলেও এস আলম গ্রুপের কারখানাগুলোর ক্ষেত্রে কার্যকর কোনো সমাধান আসেনি। অথচ ২০২৪ সালের ৫ আগস্টের আগে তাদের কারখানার কোনো ঋণ খেলাপি ছিল না বলে দাবি করেন শ্রমিকেরা।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করে শ্রমিক-কর্মকর্তাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া, কারখানা চালুর পর আগে কর্মরত সব শ্রমিককে কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। পাশাপাশি ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন, নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে পর্যাপ্ত চলতি মূলধনের ব্যবস্থা এবং রাজনৈতিক কারণে যেন কোনো শিল্পকারখানা বন্ধ না হয়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া দাবিগুলো বাস্তবায়নে এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন তারা। স্মারকলিপিতে শ্রমিক-কর্মচারীরা তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তাদের বেকারত্ব নিরসনে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মিছিলে অংশ নেওয়া এস আলম গ্রুপের চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা হারুন উর রশিদ জানান, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেছেন। মিছিলে ১০টি কারখানার কয়েক হাজার শ্রমিক অংশ নিয়েছেন বলে জানান তিনি। চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই সাবেক কর্মকর্তা।
পূর্বকোণ/রানা/পারভেজ


















