চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

‘সামাজিকভাবে সচেতন হলেই মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ সম্ভব’

‘সামাজিকভাবে সচেতন হলেই মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ সম্ভব’

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৬ | ৯:৩০ অপরাহ্ণ

মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন। তিনি বলেন, এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নম্বর ভূমিরখীল এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এএসপি বেলায়েত হোসেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, প্রতিটি ইউনিয়ন ও এলাকা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদক ও সন্ত্রাস নির্মূলে বড় ধরনের সফলতা আসবে। কেবল পুলিশের একার পক্ষে সমাজ থেকে এই ব্যাধি পুরোপুরি দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন নাগরিকদের একযোগে এগিয়ে আসতে হবে।

সমাজসেবক মোহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী, মো. সেলিম উল্লাহ চৌধুরী, প্রফেসর মুহাম্মদ আব্দুল আজিজ, মো. এম রফিকুল ইসলাম এবং খালেদ চৌধুরী রাসেল।

এছাড়াও ৭ নম্বর ওয়ার্ড ভূমিরখীল মাদক নির্মূল কমিটির সদস্য হাজী শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান মেম্বার, নুরুল আজিম মেম্বার, নুরুল কবির, শাহেদুর রহমান শাহেদ, ক্বারী সাইফুল্লাহ, খালেদ মুশারফ, ইমরান হোসেন মান্না ও মোহাম্মদ ফরহাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

সভায় বক্তারা রাঙ্গুনিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট