চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পিটার হাসের সঙ্গে বৈঠক ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক: হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পিটার হাসের সঙ্গে বৈঠককে অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি পিটার হাসকে বাংলাদেশের পুরোনো বন্ধু বলেও অভিহিত করেছেন।

 

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈঠক প্রসঙ্গে কথা বলেন তিনি।

 

হুমায়ুন কবির বলেন, ‘পিটার হাস বেসরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তিনি এখানে এসেছিলেন। বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক।’ তাদের মধ্যে বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

 

এ সময় সাংবাদিকরা শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রতিবেশী দেশের অনুরোধ ও শর্তের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে যা-ই প্রকাশিত হোক, এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার বিভিন্ন কূটনৈতিক তৎপরতা সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 

কূটনৈতিক দায়িত্ব থেকে অবসরের পর ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির এলএনজি সরবরাহ এবং টার্মিনাল কার্যক্রম রয়েছে। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের সরকারি উদ্যোগে এক্সিলারেট এনার্জিও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন পিটার হাস বলে ধারণা খাত সংশ্লিষ্টদের।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট