চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় বসতবাড়িতে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু

চকরিয়ায় বসতবাড়িতে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়িতে আগুন লেগে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ১৩ বছর বয়সী ছেলে হাফেজ ওমর ফারুকের মৃত্যু হয়। এছাড়া অপর ছেলে ১৬ বছর বয়সী হাফেজ আবদুল্লাহ গুরুতর দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে পূর্বকোণকে বলেন, রাতে ঘুমানোর আগে স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার চেষ্টা করে পরিবারের সদস্যরা। পরে ওই আগুন যথাযথভাবে নিভিয়ে না রেখে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে আগুনের সূত্রপাত হয়। বাড়ির পাশের জায়গাটি খোলা থাকায় বাতাসের কারণে মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এতে ঘরে থাকা দুই ভাই আগুনে আটকা পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারায় হাফেজ ওমর ফারুক। গুরুতর দগ্ধ অবস্থায় অপর ভাই হাফেজ আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থসহ মানবিক সহায়তা প্রদান করা হয়।

ইউএনও শাহীন দেলোয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্যোগের এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট