সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। একপর্যায়ে বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হলে স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে নিজ দপ্তরে অবরুদ্ধ থাকেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরের মূল ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। তারা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় আওয়ামী লীগপন্থী হিসেবে কিছু কর্মকর্তা-কর্মচারী পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
এরপর বিকাল তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে ক্যাম্পাসে ‘লকডাউন’ঘোষণা করেন, যার ফলে ভেতরে ও বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়।
রাত সাড়ে আটটা পর্যন্ত উপাচার্য তাঁর দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এ সময় আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদলের সঙ্গে উপাচার্যের একটি বৈঠক চলছিল। তবে বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য নিতে গণমাধ্যমকর্মীরা উপাচার্যের দপ্তরে গেলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা অপচয় করছে। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনগুলোর কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা, মো. আকরাম হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী রাত সাড়ে আটটার দিকে জানান, ক্যাম্পাসে আন্দোলন ও উত্তেজনা নিরসনে পুলিশ নজরদারি রাখছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















