চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে হামলা, ১১ দিন পর তরুণের মৃত্যু

উখিয়া

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে হামলা, ১১ দিন পর তরুণের মৃত্যু

উখিয়া সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৬ | ৮:২৮ অপরাহ্ণ

ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস ও বিরোধের জেরে হওয়া সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘ ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৮ বছর বয়সী শফিক নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শফিক কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলাম ওরফে বড় মনুর ছেলে।

গত ৬ নভেম্বর (শুক্রবার) আসরের নামাজের সময় উখিয়ার রত্নাপালং ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন চারমোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, স্থানীয় দোকানমালিক কফিল ও মুসলিম নামের দুই ব্যক্তির মধ্যকার মনোমালিন্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এর জের ধরে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া হয় এবং মুসলিম বিষয়টি শফিকের বাবা মোহাম্মদ ইসলাম ওরফে বড় মনুকে জানান। বাবার কাছে অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে শফিক মুসলিমের কাছে কৈফিয়ত চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে মুসলিম তাঁর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করেন। এতে শফিক গুরুতর আহত হন এবং তাঁর সঙ্গে থাকা অন্যরা মুসলিমকে কিল-ঘুষি ও মারধর করেন।

মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর শফিককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষে স্থানীয় মোস্তাক আহমেদ জানান, চট্টগ্রামে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে আগেই উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট