চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দেশ: জামায়াত আমির

কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দেশ: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় সম্পদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ ও জাতি বর্তমানে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক ।
 
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
অনতিবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন,‘জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না। আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।’
 
জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেটকে সময়ের অপরিহার্য দাবি হিসেবে উল্লেখ করেন শফিকুর রহমান। সংসদে নিজেদের ভূমিকা স্পষ্ট করে তিনি বলেন,‘সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। আমরা সব সময় জনগণের কণ্ঠস্বর হয়ে ভূমিকা রাখব। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর করার দাবিতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে।’
 
রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন,‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা ইতিমধ্যে সংসদে নোটিশ দিয়েছি। যদি এসব নোটিশের সদুত্তর না পাই, তবে বাধ্য হয়ে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে।’
 
এ লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির সেবায় সর্বাত্মক প্রস্তুতি নিতে দলের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।
 
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় দিনব্যাপী বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংগঠনের ‘বার্ষিক পরিকল্পনা-২০২৭’, সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট