চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, পানি ও বিদ্যুৎসহ বিদ্যমান সব সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি জানান, দ্রুত এসব সুবিধা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে, যা দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অর্থনৈতিক অঞ্চলের উৎপাদনে যাওয়া বিভিন্ন কারখানা ও নির্মাণাধীন নৌ-জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সচিব এসব কথা বলেন।
মুখ্য সচিব বলেন, গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে এই অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণ করে গেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমাকে এখানকার মূল চিত্র দেখার জন্য পাঠিয়েছেন। গ্যাস, পানি ও বিদ্যুৎসহ যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে, সরকার অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের কাজ করছে।
পরিদর্শনকালে মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলের ‘মডার্ন সিনটেক্স’ ও ‘কেয়াম গ্লাসওয়্যার’ কারখানা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরিদর্শন শেষে তিনি বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় দেড় বিলিয়ন (১৫০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগে ইতোমধ্যে ৩০টি কারখানা তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এ ছাড়া আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে বিপুলসংখ্যক মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে।
পরিদর্শনকালে মুখ্য সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদসহ ইনভেস্ট বাংলাদেশ, বেজা, বেপজা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পূর্বকোণ/রানা/পারভেজ


















