চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের ১০ মাস বয়সী কন্যা সন্তানকে সু:স্থ অবস্থায় পাওয়া গেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকার হোটেল রিলেক্স জোন-এর ১০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের রাঙামাটি পুলিশ লেনে এএসআই পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার (২৪) উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষ জানায়, আমিনুল ইসলাম ও তার স্ত্রী গতকাল রবিবার দুপুর ২টার দিকে হোটেলে এসে ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে করেন। দীর্ঘক্ষণ পর ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তাহমিনা দরজা খুলে দেন। পরে কক্ষের খাটের পাশে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমিনুল ইসলামের মরদেহ দেখতে পান তারা।
হোটেলের ম্যানেজার সোহান বলেন, ‘তারা রবিবার দুপুরে কক্ষ ভাড়া নেওয়ার পর বিকেলে ও রাতে দুবার বাইরে গিয়েছিলেন। রাতে আমি নিজ কক্ষে ঘুমিয়ে পড়ি। এরপর কোনো ধরনের চিৎকার বা অস্বাভাবিক শব্দ শুনিনি। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের বিষয়টি জানাই।’
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এএসআই আমিনুল ইসলামের মরদেহ পাওয়া গেছে। নিহতের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পূর্বকোণ/পিআর














