চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

টেকনাফে ভারী বর্ষণে প্লাবিত আলীখালী রোহিঙ্গা ক্যাম্প

টেকনাফে ভারী বর্ষণে প্লাবিত আলীখালী রোহিঙ্গা ক্যাম্প

টেকনাফ সংবাদদাতা

২২ জুন, ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

টেকনাফে টানা ভারী বর্ষণে আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৫০টিরও বেশি পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

 

ক্যাম্প সূত্র জানায়, রবিবার (২১) দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে ক্যাম্পের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা তলিয়ে গেছে। বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি ঝুপড়ি ঘরগুলোর চারপাশে পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

ভুক্তভোগী রোহিঙ্গা বাসিন্দা মো. শফিক জানান, বৃষ্টির পানি ঘরে ঢুকে যাওয়ায় বিছানা ও কাপড়-চোপড় ভিজে গেছে, যার ফলে ছোট সন্তানদের নিয়ে তারা মানবেতর অবস্থায় ঘরের বাইরে অবস্থান করছেন। একই কষ্টের কথা জানান এক নারী কামরুন্নাহার; রান্নাঘরে পানি উঠে যাওয়ায় তারা গত রাত থেকে না ঘুমিয়ে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন।

 

আরেক বাসিন্দা মো. সালাম আক্ষেপ করে বলেন, “প্রতি বর্ষায় আমাদের একই দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে”। জানা গেছে, ৫০টির বেশি ঘরে সরাসরি পানি ঢুকলেও ক্যাম্পের শতাধিক ঘরের চারপাশ প্লাবিত হওয়ায় কয়েকশ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

 

এই পরিস্থিতির বিষয়ে ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, খবর পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট