চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দায়িত্বশীল সম্মেলনে জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম

শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হবে

বিজ্ঞপ্তি

২৩ আগস্ট, ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামের আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মেহনতী মানুষের ভাগ্যোন্নয়ন,-শান্তি ও সমৃদ্ধি কল্পনা করা যায় না। সেই  কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আল্লাহর দেওয়া বিধি বিধানের পূর্ণ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারণ সেই বিধানেই আছে মানুষের মুক্তির জন্য সঠিক দিকনির্দেশনা। রাসুল (সা.) আল্লাহর দেওয়া একটি কিতাবের মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। যে সমাজে ছিল না ধনী-গরীবের বিভেদ।

 

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলা বাংলাদেশ শ্রমিক  কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

উপজেলার কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মুহাম্মদ ইউনুচ।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক বলেন, দুই-তৃতীয়াংশ শ্রমজীবী মানুষ প্রতিনিয়ত দারিদ্র্যতার সাথে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে যায়। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুন জ্বলে না। কারণ শ্রমিকরা ন্যায্য মজুরি পাওনা থেকে সব সময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এজন্য জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। যা শ্রমিকদের দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোছাইন, অফিস সম্পাদক মাস্টার এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা  মাওলানা কামাল হোসাইন ও উপদেষ্টা রফিকুল ইসলাম।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা জানে আলম, সাইফুল ইসলাম, প্রফেসর জসিম উদ্দীন, মুহাম্মদ মনজুর আলম, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, রেজাউল করিম, আবদুল কাদের নওশা, মুহাম্মদ কাসেম, মোহাম্মদ মোর্শেদ, আবদুল করিম ও নুরুল আলম।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট